‘ডিজিটাল শক্তিকে কাজে লাগিয়ে সমৃদ্ধির লড়াই চলছে’
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সংস্কৃতির অদম্য শক্তিকে মুক্তিযুদ্ধকালে আমরা কাজে লাগিয়েছি। এখন ডিজিটাল প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে সমৃদ্ধির লড়াই চলছে। ২০২১ সালে প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অভিযাত্রা আমরা শুরু করেছি। ইতোমধ্যেই বাংলাদেশ ডিজিটাল ব্যাংকিং যুগে প্রবেশে করেছে। জমির নামজারি, রেলের টিকিটসহ প্রায় সকল অত্যাবশ্যকীয় সেবা এখন ঘরে বসেই সম্ভব হচ্ছে। এর ফলে কৃষিভিত্তিক অর্থনীতির বাংলাদেশ গত পৌনে পনের বছরে অভাবনীয় রূপান্তর ঘটেছে। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের মতো স্মার্ট বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধির চলমান এ লড়াই এগিয়ে নিতে ২০২৪ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে আবারও নির্বাচিত করতে হবে।
সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে, সূর্যসেন হল সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন ভূইয়া, চিত্র নায়ক ফেরদৌস আহম্মেদ, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন প্রমূখ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূর্যসেন হল সাংস্কৃতিক সংসদের সভাপতি আসাদুজ্জামান অভি।







